
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় সোনারগাঁওয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে ‘সোনারগাঁ প্রাথমিক শিক্ষক পরিবার’।
উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকাগণ এক আনন্দঘন পরিবেশে তাঁর এ অনন্য অর্জনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে বি. আর. বিলকিসকে জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে মনোনীত করা হয়। তাঁর এই অর্জনে সোনারগাঁ উপজেলার শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
শুভেচ্ছা প্রদানকালে শিক্ষক নেতারা বলেন, বি. আর. বিলকিস ম্যাডামের এই গৌরবময় স্বীকৃতি শুধু তাঁর নিজের বা ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়, এটি পুরো সোনারগাঁ প্রাথমিক শিক্ষক পরিবারের জন্য এক বিশাল আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষকদেরও মানসম্মত শিক্ষা প্রদানে আরও অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় আপ্লুত হয়ে বি. আর. বিলকিস উপস্থিত সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন আমার একার নয়; এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার শিক্ষা কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টার ফসল। আগামী দিনে সোনারগাঁয়ের শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
উক্ত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।