
বাংলার কথা ডেস্ক:-
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল মান্নানের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “আজ নিষিদ্ধ আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় ঘোষিত লকডাউন ও নাশকতা ঠেকাতে সারা দেশের মতো সোনারগাঁও উপজেলা বিএনপিও রাজপথে অবস্থান নিয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে আমরা গতকাল ১২ নভেম্বর সকাল থেকে আজ ১৩ নভেম্বর সারাদিন পর্যন্ত মাঠে আছি। তারা আরও বলেন, “কোনভাবেই জনগণকে আতঙ্কিত করা যাবে না। আমরা জনগণকে সমস্ত প্রকার নাশকতা থেকে সুরক্ষিত রাখবো। কোনো প্রকার অগ্নিসংযোগ, ভাঙচুর বা নাশকতা করতে দেওয়া হবে না। নির্বিঘ্নে যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা রাতভর রাজপথ পাহারা দিয়েছি। সোনারগাঁবাসীর সুরক্ষায় বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, পৌর যুবদল নেতা মিঠু আহমেদ, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, কৃষকদল নেতা বাবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রউফ সহ আরও অনেকে।