
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক উদ্বোধন ও ডেঙ্গু নিধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বুধবার) বিকেলে স্থানীয় রয়েল রিসোর্টে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশিরউদ্দিন, নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাজহারুল ইসলাম ও মশিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ, যা সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশবান্ধব পরিবেশ বজায় রাখার মাধ্যমে এ ঐতিহ্যকে টেকসইভাবে রক্ষা করা সম্ভব।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান।আলোচনা সভার আগে অতিথিরা পানাম নগরীতে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্কের উদ্বোধন করেন, যা পর্যটকদের তাৎক্ষণিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানান কর্মকর্তারা।