
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত শনিবার ওই পক্ষের সদস্যদের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শ্বশুর আব্দুর রউফ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মেয়ের জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যাদের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল, তারাই এই কাজ করেছে। আমরা সঠিক বিচার চাই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।