
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মাঠপাড়া এলাকায় বাড়ির মালিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক নারী সাংবাদিক ও তাঁর তিন সন্তানের ওপর বর্বরোচিত হামলা, চুল কেটে দেওয়া, মোবাইল ফোন ছিনতাই এবং বাসা থেকে বের করে দিতে গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক তানজিনা আক্তার লিপির দাবি, গত ১৬ আগস্ট মশিউর রহমান মেরুন ও বাড়ির মালিকপক্ষের লোকজন তাঁর বাসায় হামলা চালায়। এ সময় তাঁকেও তাঁর সন্তানদের মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে আপত্তিকর অভিযোগে তৈরি একটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
লিপির আরও অভিযোগ, ঘটনার পর কয়েকটি গণমাধ্যম তাঁর বক্তব্য না নিয়ে একতরফা ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। বর্তমানে মামলা প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় ন্যায়বিচার, মোবাইল উদ্ধার এবং জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন তিনি।
তবে অভিযুক্ত বাড়ির মালিক মোরশেদা ও মশিউর রহমান মেরুনের বক্তব্য পাওয়া যায়নি।