নিজস্ব প্রতিবেদক :-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘One Student, One Tree’ কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় সোনারগাঁ স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা করে সোনারগাঁ পৌরসভা ও উপজেলা কৃষি দপ্তর।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৬, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী ৫ বছরে ২৫ লক্ষ গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে ২ লক্ষ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, কৃষি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে সোনারগাঁ উপজেলা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.