নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ে জামিনে মুক্ত হয়ে একটি হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহজমপুর কাজিপাড়া এলাকার আলী আজগর মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির লোকজনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় তিন নারীসহ পরিবারের ৯ সদস্য আহত হন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একপর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দিলে ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.