নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহিববুল্লাহ'র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই পারভেজ, এসআই সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন জাংগাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমনের ব্যবহৃত একটি প্রাইভেট কারের ব্যাকডালা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক ব্যবসায়ী ইমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোনারগাঁও থানার ওসি মোঃ মুহিববুল্লাহ মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। তিনি বিভিন্ন মসজিদ ও জনসভায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বক্তব্য রাখেন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও থানার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাসে লিখেন, “চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই যুদ্ধে সফল হতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি সোনারগাঁও উপজেলার সব ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধের সৈনিক হব” এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।
পুলিশের এই অভিযানে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.