সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ে বিদ্যুৎ বিতানের প্রোপাইটর মরহুম আব্দুল আজিজ এর নাতি ও আতিকুর রহমান নয়নের বড় ছেলে আরাফ (১২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।আরাফ স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। বাদ আসর বাড়িমজলিশ হাফিজিয়া মোহাম্মাদীয়া মাদরাসা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীরা জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।
আরাফের বাবা আতিকুর রহমান নয়ন বলেন, “আমাদের সোনারগাঁয়ে চিকিৎসা সেবার মান অত্যন্ত নাজুক। ছোট শিশুদের সামান্য জ্বর, কাশি বা ঠান্ডা হলেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হয়। তাহলে সোনারগাঁয়ে ব্যাঙের ছাতার মতো এত হাসপাতাল থাকার মানেটা কী? যদি সময়মতো উন্নত চিকিৎসা পেত, হয়তো আমার ছেলেটা আজ বেঁচে যেত।”তিনি আরও বলেন, “সব বাবা-মাকে এখন সচেতন হতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে ডেঙ্গু থেকে বাঁচা কঠিন।”
অন্যদিকে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের সচেতনার অভাব রয়েছে। সরকার যেখানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাদের উচিত ছিল প্রতিটি ওয়ার্ডে মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা।” আরাফের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন—আল্লাহ তায়ালা যেন আরাফকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.