
নিজস্ব প্রতিনিধি:
সোনারগাঁয়ের রাজনীতিতে যেন নতুন এক সুর। পথে পথে মানুষের ভিড়, স্লোগান আর প্রত্যাশার কণ্ঠে স্পষ্ট—পরিবর্তন চায় জনতা। এই পরিবর্তনের ডাকেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান অঙ্গীকার করলেন, সোনারগাঁ হবে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি শান্ত জনপদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৈদ্যেরবাজার, সনমান্দি ও সোনারগাঁ পৌরসভা এলাকা ঘুরে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। জনসমুদ্রের মাঝেই উঠে আসে তাঁর কণ্ঠ—সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন অবস্থান।
আজহারুল ইসলাম মান্নান বলেন, “৫ আগস্টের পর যে গণজাগরণ তৈরি হয়েছে, তা কোনো দলের নয়—এটা অন্যায়, সন্ত্রাস ও নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মানুষের রায়।”
তিনি যোগ করেন, “এই জনরায়ই আমাদের শক্তি। নির্বাচিত হলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের সোনারগাঁয়ে আর জায়গা হবে না।”
নারীদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের চলাচল ও কর্মক্ষেত্র হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ। মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তাই হবে তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু।
গণসংযোগে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহেল রানা, সোহাগ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভা ও গণসংযোগে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের ভাষ্য, এই জনঢেউ শুধু সভার ভিড় নয়—এটি ধানের শীষ প্রতীকের পক্ষে ক্রমেই শক্ত হয়ে ওঠা জনসমর্থনের ইঙ্গিত।