সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণকালে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলে বরিশালের বানারীপাড়ার আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন, সিরাজগঞ্জের মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম, জামালপুরের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের আলী আহম্মেদের ছেলে মিলন, কুমিল্লার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন ও ফরিদপুরের ফুল মিয়ার ছেলে নয়ন।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, লুন্ঠিত নব্বই হাজার টাকা, কালো রংয়ের প্লাস্টিকের বাট-যুক্ত সিলভার রংয়ের স্টীল বডির একটি খেলনা পিস্তল, একটি জলপাই রংয়ের কোটি যার সামনে ও পিছনে হলুদ রংয়ের কাপড় দ্বারা DB DMP লেখা আছে, একটি ভাঙ্গা ও অকেজো ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি কালো রংয়ের লেজার লাইট, একটি হেনদা, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিজ কুড়াল, একটি বাশের লাঠি, তিনটি চেক গামছা, একজোড়া হাতকড়া যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে, ০৪টি এন্ড্রোয়েট মোবাইলফোন জব্দ করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিলো পুলিশ। এসময়ে একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেফতার করে। প্রাথমিক তথ্যের জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রি মিনাল কান্তিকে নিজেদের হাইয়েস গাড়িতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চেকপোস্টে থাকা পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে সোনারগাঁ থানা পুলিশের তৎপরতায় ভূয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ডিবি পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2026 দৈনিক বাংলার কথা. All rights reserved.